Ridge Bangla

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে অ্যান্ডি বার্নহ্যাম

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণার পর দেশটির নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। লেবার পার্টির জ্যেষ্ঠ নেতা অ্যান্ডি বার্নহ্যাম এক দশকের মধ্যে দেশটির সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন।

সম্প্রতি উপনির্বাচনে জয় পেয়ে আবার পার্লামেন্টে ফেরা বার্নহ্যামকে স্টারমারের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে। আরেক সম্ভাব্য প্রার্থী ওয়েস স্ট্রিটিংও তার প্রতি সমর্থন জানিয়েছেন।

লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সোমবার ডাউনিং স্ট্রিটের ১০ নম্বর বাসভবনের সামনে দেওয়া ভাষণে পদত্যাগের সিদ্ধান্ত জানান স্টারমার। আবেগঘন বক্তব্যে তিনি স্বীকার করেন, দুই বছর সরকার পরিচালনার পর লেবার পার্টির সংসদ সদস্যদের আস্থা হারিয়েছেন তিনি।

স্টারমার জানান, নতুন লেবার নেতা নির্বাচন এবং এর মাধ্যমে পরবর্তী প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পথ তৈরি করতে তিনি রাষ্ট্রপ্রধান রাজা তৃতীয় চার্লসকে নিজের পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছেন।

তিনি বলেন, ‘নেতা নির্বাচনের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আমি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করব এবং সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য সর্বাত্মক চেষ্টা করব।’

ভাষণের একপর্যায়ে স্ত্রী ভিক্টোরিয়া ও দুই সন্তানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বিদায়ী প্রধানমন্ত্রী।

২০২৪ সালের জুলাইয়ে কনজারভেটিভ পার্টিকে বড় ব্যবধানে পরাজিত করে ১৪ বছর পর লেবার পার্টিকে ক্ষমতায় ফেরান স্টারমার। তবে দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যেই নীতিগত সিদ্ধান্ত পরিবর্তন, মন্ত্রীদের পদত্যাগ এবং জনপ্রিয়তা কমে যাওয়ায় তার সরকার চাপের মুখে পড়ে।

This post was viewed: 5

আরো পড়ুন