বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিয়েছেন লিওনেল মেসি। সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে নতুন এই মাইলফলক স্পর্শ করেন আর্জেন্টাইন তারকা।
ডালাসে অনুষ্ঠিত ম্যাচের ৩৮ মিনিটে গোল করে জার্মানির মিরোস্লাভ ক্লোসার বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড ছাড়িয়ে যান মেসি। পরে ইনজুরি টাইমে আরেকটি গোল করে নিজের রেকর্ড আরও সমৃদ্ধ করেন তিনি।
এর আগে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে হ্যাটট্রিক করে ক্লোসার রেকর্ড স্পর্শ করেছিলেন মেসি।
অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের ৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করার সুযোগ পেয়েছিলেন ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি।
২০০৬ সালে বিশ্বকাপে অভিষেক হওয়া মেসি এবার ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন। জাতীয় দলের হয়ে ২০১ আন্তর্জাতিক ম্যাচে তার গোলসংখ্যা এখন ১২২।
মেসির নেতৃত্বে আর্জেন্টিনা এখন টানা দুই বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে। ১৯৬২ সালে ব্রাজিলের গড়া পরপর দুই বিশ্বকাপ জয়ের রেকর্ড স্পর্শ করাই এখন আর্জেন্টাইন সমর্থকদের বড় প্রত্যাশা।