নওগাঁর বদলগাছীতে ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে এক চীনা পর্যটককে হেনস্তার অভিযোগে এক কন্টেন্ট ক্রিয়েটরকে আটক করেছে টুরিস্ট পুলিশ।
সোমবার আব্দুল মাবুত নামে ওই যুবককে আটক করা হয়। তিনি জয়পুরহাট জেলার চন্ডিপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। স্থানীয়দের কাছে তিনি ‘হিরো নানা’ নামে পরিচিত।
টুরিস্ট পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে। প্রাথমিক কার্যক্রম শেষে তাকে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্প্রতি পাহাড়পুর বৌদ্ধবিহার ভ্রমণে আসা এক চীনা পর্যটকের সঙ্গে আপত্তিকর আচরণ ও হেনস্তার অভিযোগ ওঠে। এ সময় ওই পর্যটকের ভিডিও ধারণ করা হয়। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা তৈরি হয়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে টুরিস্ট পুলিশ। তদন্তের অংশ হিসেবেই অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে।
এ বিষয়ে পাহাড়পুর বৌদ্ধবিহার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাস্টডিয়ান ফজলুল করিম বাসসকে বলেন, এ ঘটনায় পাহাড়পুর বৌদ্ধবিহারের ব্যাপক সুনাম নষ্ট হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। তাকে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে।
বদলগাছী থানার পরিদর্শক নজরুল ইসলাম বাসসকে বলেন, পাহাড়পুর বৌদ্ধবিহারে চীনা পর্যটককে হেনস্তার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।