রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে এই কম্পন অনুভূত হয়।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১৬ কিলোমিটার। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানী ঢাকা থেকে ১৬ কিলোমিটার উত্তর-পূর্বে নারায়ণগঞ্জের রূপগঞ্জে।
গভীরতা কম হওয়ায় ঢাকার বিভিন্ন এলাকায় কম্পন স্পষ্টভাবে অনুভূত হয়েছে। আকস্মিক ঝাঁকুনিতে রাজধানীর বহুতল ভবনের অনেক বাসিন্দার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ নিয়ে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রতিক্রিয়া জানিয়েছেন।
তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৪। সংস্থাটি জানিয়েছে, নরসিংদী থেকে ১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এর উৎপত্তিস্থল এবং ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির সৃষ্টি হয়।