টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জের বিভিন্ন নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। এতে সীমান্তবর্তী এলাকার পাহাড়ি নদীগুলোর পানি বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা তৈরি হয়েছে।
বৃষ্টি ও ঢলের পানিতে ইতোমধ্যে সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের আনোয়ারপুর ও শক্তিয়ারখলা অংশ তলিয়ে গেছে। এ ছাড়া উজান থেকে আসা পানিতে দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন এলাকায় লোকালয়ে পানি প্রবেশ করে গ্রামীণ সড়ক প্লাবিত হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সুনামগঞ্জ, সিলেট ও ভারতের মেঘালয়ে আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এ সময়ে বৃষ্টি অব্যাহত থাকলে জেলার নদ-নদীর পানি আরও বাড়তে পারে এবং বিপৎসীমা অতিক্রমের আশঙ্কা রয়েছে।
ইতোমধ্যে সুরমা, বৌলাই ও রক্তিসহ বিভিন্ন নদীর পানি বৃদ্ধি পেয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি ৬৪ সেন্টিমিটার বেড়েছে। তবে বর্তমানে নদীর পানি বিপৎসীমার প্রায় ৬০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
আগামী দুই দিনে ভারী বৃষ্টিপাত হলে জেলার নদ-নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। কিছু এলাকায় পানি বিপৎসীমা স্পর্শ করার সম্ভাবনাও রয়েছে। এতে জেলার নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে।