Skip to main content

Ridge Bangla

গ্রেপ্তার এড়াতে পালানোর সময় আওয়ামী লীগ নেতার মৃত্যু

বরিশাল নগরীতে পুলিশের অভিযানের সময় গ্রেপ্তার এড়াতে পালাতে গিয়ে অসুস্থ হয়ে মোহাম্মদ রাশেদ খান মেনন নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে।

রোববার (২১ জুন) দুপুরে নগরীর পশ্চিম কাউনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। রাশেদ খান মেনন বরিশাল নগরীর ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাসায় পুলিশ আসার খবর পেয়ে বাড়ি থেকে বের হয়ে যান তিনি। পরে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে সোহেল খান জানান, নামাজ শেষে বাসায় ফিরে তিনি জানতে পারেন পুলিশ এসেছিল। কিছুক্ষণ পর বাবার অসুস্থ হওয়ার খবর পান তিনি। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, পুলিশের অভিযান চলাকালে গ্রেপ্তার এড়াতে রাশেদ খান মেনন বাড়ির পাশের দেয়াল টপকে অন্যত্র যাওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জিত চন্দ্র নাথ বলেন, একটি রাজনৈতিক মামলার আসামি হিসেবে রাশেদ খান মেননের খোঁজে পুলিশ তার বাসায় গিয়েছিল। তবে তাকে সেখানে পাওয়া যায়নি। এরপর কী ঘটেছে, সে বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।

This post was viewed: 29

আরো পড়ুন