Ridge Bangla

মসজিদে নামাজরত অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে

বরিশালের মেহেন্দীগঞ্জে মসজিদে নামাজ আদায়ের সময় ছোট ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে।

রোববার (২১ জুন) যোহরের নামাজের সময় উপজেলার ১নং আন্দারমানিক ইউনিয়নের উত্তর আন্দারমানিক জামে মসজিদে এ ঘটনা ঘটে।

নিহত মো. নজরুল ইসলাম সরদার (৪৫) সৌদি প্রবাসী ছিলেন। আগামী ২৫ জুন তার সৌদি আরবে যাওয়ার কথা ছিল।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, যোহরের ৪ রাকাত ফরজ নামাজের ৩য় রাকাত চলার সময় হঠাৎ নজরুল ইসলামের আপন বড় ভাই হারুন অর রশিদ সরদার তার ওপর হামলা চালান। এ সময় ধারালো অস্ত্র দিয়ে নজরুলের পেট, হাত ও পায়ে এলোপাতাড়ি কোপানো হয়।

পরে মসজিদে থাকা মুসল্লিরা দ্রুত তাকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

নিহতের আরেক ছোট ভাই মজিবুর রহমানের স্ত্রী অভিযোগ করে বলেন, এ ঘটনার পর অন্য ভাই ও তাদের পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযুক্তের ফাঁসির দাবিও জানান তারা।

কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে সুরতহাল শেষে মর্গে পাঠানো হয়েছে। হত্যার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

This post was viewed: 6

আরো পড়ুন