মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে রাজধানী দোহাসহ বিভিন্ন এলাকায় তীব্র শব্দ অনুভূত হয় এবং ঘরবাড়ির দরজা-জানালা কেঁপে ওঠে। এ ঘটনায় এখন পর্যন্ত ৫৪ জন আহত হয়েছেন এবং ১৮ জন নিখোঁজ রয়েছেন।
রোববার (২১ জুন) স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে বলে জানিয়েছে গালফ নিউজ ও সিনহুয়া।
হঠাৎ বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। অনেকেই প্রথমে ঘটনাটিকে ভূমিকম্প কিংবা নতুন কোনো হামলা ভেবে আতঙ্কিত হয়ে পড়েন।
তবে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির বৃহৎ গ্যাসক্ষেত্র রাসলাফফানের ভেতরে কারিগরি ত্রুটির কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণের পরপরই উদ্ধার অভিযান শুরু করে কাতারের বিশেষ বাহিনী। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত দুর্ঘটনাস্থলের বাইরে কোনো গ্যাস বা বিপজ্জনক পদার্থ ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়া যায়নি।
ঘটনার কিছু সময় পর বিস্ফোরণে হতাহতের বিষয়টি নিশ্চিত করে কাতার পুলিশ। দুর্ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।