Ridge Bangla

ভ্যান্সের প্রিয় মানুষের তালিকায় স্ত্রী উষার সঙ্গে আসিম মুনিরের নাম

দক্ষিণ এশিয়ার দুই বৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তান থেকে একজন করে নিজের ‘প্রিয়’ ব্যক্তিত্বের নাম জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তারা হলেন তার স্ত্রী উষা ভ্যান্স এবং পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির। খবর গালফ নিউজের।

রোববার (২১ জুন) সুইজারল্যান্ডের বার্গেনস্টকের একটি বিলাসবহুল রিসোর্টে বক্তব্য দেওয়ার সময় তাদের নাম উল্লেখ করেন ভ্যান্স। এ সময় আলোচনাকারী দলের সঙ্গে উপস্থিত থাকা পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের প্রশংসাও করেন তিনি।

ভ্যান্স বলেন, ‘ইসলামাবাদে প্রধানমন্ত্রীর সঙ্গে ফিল্ড মার্শাল মুনির যখন আমাদের স্বাগত জানিয়েছিলেন, তখন থেকেই আমি মজা করে বলছি আমার জীবনে দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ আছেন। একজন ভারতীয় এবং একজন পাকিস্তানি। ভারতীয় প্রিয়জন হলেন আমার স্ত্রী, আর পাকিস্তানি প্রিয়জন হলেন ফিল্ড মার্শাল মুনির।’

গত তিন মাসে অন্য যেকোনো ব্যক্তির তুলনায় আসিম মুনিরের সঙ্গে বেশি কথা হয়েছে বলেও জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট।

তিনি বলেন, ‘তার রাষ্ট্রনায়কোচিত দূরদর্শিতা না থাকলে আমি আজ এখানে থাকতাম না। তিনি অবশ্যই একজন মহান সামরিক নেতা। তবে আমি মনে করি, তিনি নিজেকে একজন মহান কূটনীতিক হিসেবেও প্রমাণ করেছেন। তিনি একজন অসাধারণ নেতা।’

ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনায় শুরু থেকেই মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। এ প্রক্রিয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের পাশাপাশি সক্রিয় ভূমিকা রাখছেন ফিল্ড মার্শাল আসিম মুনির। ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কাছেও তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হয়েছেন।

সুইজারল্যান্ডে ইরানের সঙ্গে আলোচনা প্রসঙ্গে ভ্যান্স বলেন, সামনে এখন বড় প্রশ্ন হলো একসঙ্গে আরও কতটা অর্জন করা সম্ভব। নতুন অধ্যায়ের সূচনা করা যাবে কি না, সেটিই এখন দেখার বিষয়।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সম্পর্ক স্থায়ীভাবে বদলে দেওয়া সম্ভব হবে, নাকি আবার পুরনো অবস্থায় ফিরে যেতে হবে- সেটিই এখন নির্ধারণের সময়।

সুইজারল্যান্ডের ওই রিসোর্টে পাকিস্তান ও কাতারের প্রতিনিধিদলসহ মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রথম দফার আলোচনা শুরুর পর এসব মন্তব্য করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।

This post was viewed: 5

আরো পড়ুন