রাজধানীর কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে গুরুতর আহত সাজিদ চৌধুরী রাফি (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (২২ জুন) সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন। তিনি জানান, রাফির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে এই হামলা হয়েছিল।
রাফির চাচা মো. নুর হোসেন চৌধুরী জানান, ঘটনার পর প্রথমে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ১০ জুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। প্রায় ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়েছে।
এর আগে ৯ জুন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাফরুল থানার পূর্ব শেওড়াপাড়ার আশরাফ আলী গলিতে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, মোটরসাইকেলে যাওয়ার সময় এক তরুণ রাফিকে লক্ষ্য করে ইট ছুড়ে মারেন। ইটের আঘাতে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি রাস্তায় পড়ে অচেতন হয়ে যান। এ সময় মোটরসাইকেলটি তার শরীরের ওপর পড়ে থাকে।
পরে হামলাকারীরাই তাকে রিকশায় করে হাসপাতালে নিয়ে যায়।