Ridge Bangla

৯২ বছরের অপেক্ষা শেষে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিশর

১৯৩৪ সালে প্রথমবার বিশ্বকাপে খেলেছিল মিশর। এরপর বৈশ্বিক এই টুর্নামেন্টে আরও কয়েকবার অংশ নিলেও জয়ের দেখা পায়নি উত্তর আফ্রিকার দেশটি। অবশেষে ৯২ বছরের অপেক্ষার অবসান ঘটাল মোহাম্মদ সালাহদের দল। নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে মিশর।

সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় সকালে ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ভালো হয়নি মিশরের। ১৫ মিনিটে কর্নার থেকে আসা বলে হেডে গোল করে নিউজিল্যান্ডকে এগিয়ে দেন ডিফেন্ডার ফিন সারম্যান।

পিছিয়ে পড়ার পর বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি মিশর। ফলে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় সালাহরা।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই ঘুরে দাঁড়ায় আফ্রিকার দলটি। ৫৮ মিনিটে মোহাম্মদ হানির নিখুঁত ক্রস থেকে দুর্দান্ত হেডে গোল করে মিশরকে সমতায় ফেরান মোস্তাফা জিকো।

এর ৯ মিনিট পর ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিয়ে আসেন অধিনায়ক মোহাম্মদ সালাহ। ৬৭ মিনিটে মোস্তাফা জিকোর কাছ থেকে বল পেয়ে বাঁ পায়ের বাঁকানো শটে নিউজিল্যান্ডের গোলরক্ষককে পরাস্ত করেন লিভারপুল তারকা। তার গোলে ম্যাচে প্রথমবার এগিয়ে যায় মিশর।

এরপর ৮২ মিনিটে ব্যবধান আরও বাড়ায় উত্তর আফ্রিকার দলটি। সালাহর নেওয়া কর্নার থেকে বদলি হিসেবে নামা ত্রেজেগে হেডে গোল করে স্কোরলাইন ৩-১ করেন।

শেষ বাঁশির সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে মেতে ওঠে মিশর শিবির। কারণ এই জয় শুধু ৩ পয়েন্টই নয়, প্রায় এক শতাব্দীর অপেক্ষারও অবসান ঘটিয়েছে।

এর আগে ১৯৩৪, ১৯৯০ ও ২০১৮ বিশ্বকাপে অংশ নিয়ে প্রথম ৮ ম্যাচে কোনো জয় পায়নি মিশর। অবশেষে নিজেদের নবম ম্যাচে এসে বিশ্বকাপে প্রথমবারের মতো জয় পেল তারা।

চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়ামের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল মিশর। অন্যদিকে নিউজিল্যান্ড ইরানের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল। এই জয়ে গ্রুপ ‘জি’-তে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে সালাহর দল।

This post was viewed: 5

আরো পড়ুন