রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে জুন মাসের প্রথম ২০ দিনে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৫৩৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ জুন থেকে ২০ জুন পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত এসব অভিযানে চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, সন্ত্রাস ও মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে চাঁদাবাজির অভিযোগে আটক হয়েছেন ৫৪ জন। তাদের মধ্যে একজন পুলিশের তালিকাভুক্ত চাঁদাবাজ এবং বাকি ৫৩ জন তালিকাবহির্ভূত।
এ ছাড়া সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাত চক্রের সঙ্গে জড়িত অভিযোগে ৪৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
একই সময়ে রাজধানীর বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগের অভিযানে ১ হাজার ২০ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিএমপি। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।