Ridge Bangla

মালয়েশিয়ায় তারেক রহমানকে অভ্যর্থনা জানালেন আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ায় সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

সোমবার (২২ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় শাংগ্রি লা হোটেল থেকে মোটর শোভাযাত্রাসহ তারেক রহমান ও জুবাইদা রহমান পুত্রজায়ায় অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয় পেরদানা পুত্রা ভবনে পৌঁছান। সেখানে তাদের স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার সহধর্মিণী দাতুক সেরি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল।

এরপর লালগালিচায় তারেক রহমান ও জুবাইদা রহমানকে গার্ড অব অনার প্রদান করে মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল। এ সময় বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানের পর নিজের সফরসঙ্গীদের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে পরিচয় করিয়ে দেন তারেক রহমান। একইভাবে আনোয়ার ইব্রাহিম তার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পরিচয় করিয়ে দেন।

পরিচয় পর্বের আনুষ্ঠানিকতা শেষে পেরদানা পুত্রা ভবনের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তারেক রহমান। পরে দুই দেশের প্রধানমন্ত্রী একান্ত বৈঠকে অংশ নেন।

এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখী দীর্ঘ সড়কের দুই পাশে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকা টানানো হয়।

This post was viewed: 7

আরো পড়ুন