Ridge Bangla

স্কুলছাত্রকে হত্যার পর মরদেহ গুমের চেষ্টার অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

নরসিংদীর রায়পুরায় ওয়ালিদ হাসান (১৮) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধারের ঘটনায় তার কথিত প্রেমিকাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। প্রেমিকার পরিবারের বিরুদ্ধে তাকে হত্যার পর কাপড়ে মুড়িয়ে মরদেহ গুমের চেষ্টার অভিযোগ উঠেছে।

শনিবার (২০ জুন) রাত ১১টার দিকে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর এলাকায় প্রেমিকার বাড়ি থেকে ওয়ালিদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ওয়ালিদ হাসান রায়পুরা পৌর এলাকার কান্দাপাড়ার আব্দুল হাইয়ের ছেলে। তিনি স্থানীয় একটি স্কুল থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। মা-বাবার বিচ্ছেদের পর তিনি মা রাশেদা বেগমের সঙ্গে উপজেলার বাহেরচর গ্রামে নানাবাড়িতে থাকতেন।

এ ঘটনায় পুলিশ ওয়ালিদের কথিত প্রেমিকা প্রাণা আক্তার, তার মা ফরিদা বেগম, ছোট বোন মিন্নি আক্তারসহ ৪ জনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাকির মিয়ার মেয়ে প্রাণা আক্তারের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ওয়ালিদের। বিষয়টি নিয়ে প্রাণার পরিবারের সদস্যরা তার ওপর ক্ষুব্ধ ছিলেন। এর মধ্যেই সম্প্রতি এক প্রবাসীর সঙ্গে প্রাণার বিয়ে হয়। তবে বিয়ের পরও ওয়ালিদের সঙ্গে তার যোগাযোগ ছিল।

গত বৃহস্পতিবার (১৮ জুন) রাত থেকে নিখোঁজ হন ওয়ালিদ। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। পরে তাদের সন্দেহ হয় প্রাণা ও তার পরিবারের সদস্যদের ওপর।

শনিবার রাতে প্রাণাদের বাড়ির পেছনে কাপড়ে মোড়ানো অবস্থায় একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ওয়ালিদের ছোট ভাই রোমানসহ কয়েকজন সেখানে যান। পরে তারা মরদেহটি ওয়ালিদের বলে শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনার পর ওয়ালিদের প্রেমিকা প্রাণা, তার মা ও দুই বোনকে আটক করা হয়। তবে প্রাণার বাবা জাকির মিয়া পলাতক রয়েছেন।

নিহতের ভাই রোমান বলেন, ‘ঘটনার দিন রাতে আমার ভাইকে খুঁজছিলাম। তখন জাকির মিয়ার বাড়ির পেছন থেকে কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনে সেখানে যাই। গিয়ে দেখি প্রাণা, তার মা ও দুই বোন মিলে কাপড়ে পেঁচিয়ে কিছু একটা বের করতেছে। আমাদের সন্দেহ হলে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করতে চাইলে তারা বাধা প্রদান করেন। পরে আশেপাশের লোকজনের সহায়তায় ভিতরে প্রবেশ করে ঘরের পিছন থেকে আমার ভাইয়ের মরদেহ কাপড়ে মোড়ানো অবস্থায় দেখতে পাই। তারা আমার ভাইকে হত্যা করে মরদেহ গুম করার উদ্দেশ্যে কাপড়ে মুড়িয়ে ঘরের পিছনে নিয়ে যায়।’

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, ‘প্রেমিকার বাড়ির একটি ঘরের পেছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।’

This post was viewed: 6

আরো পড়ুন