Ridge Bangla

গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার ভিডিও সাংবাদিক নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি ড্রোন হামলায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক ভিডিও সাংবাদিক নিহত হয়েছেন।

শনিবার (২০ জুন) গাজার কেন্দ্রস্থলের আল-বুরেজ শরণার্থী শিবিরে একটি আবাসিক ভবন লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

এক বিবৃতিতে আল জাজিরা জানিয়েছে, নিহত সংবাদকর্মীর নাম আহমেদ উইশাহ। তিনি সংবাদমাধ্যমটিতে ক্যামেরাম্যান হিসেবে কর্মরত ছিলেন।

আল জাজিরার একজন প্রতিবেদক জানান, বুরেজ শরণার্থী শিবিরে ড্রোনের মাধ্যমে চালানো হামলায় আহমেদ উইশাহ নিহত হওয়ার পাশাপাশি আরও কয়েকজন সাধারণ মানুষ আহত হয়েছেন।

এর আগে গত এপ্রিলে আহমেদের ভাই মোহাম্মদ উইশাহ গাড়িতে থাকা অবস্থায় ইসরায়েলি গোলার আঘাতে নিহত হয়েছিলেন।

অন্যদিকে ফরাসি সংবাদ সংস্থা এএফপিকে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনীর একজন মুখপাত্র দাবি করেন, আহমেদ উইশাহ হামাসের একজন সন্ত্রাসী ছিলেন এবং তাকে লক্ষ্য করেই নির্ভুল বিমান হামলা চালানো হয়েছে।

শনিবার (২০ জুন) গভীর রাতে আইডিএফের পক্ষ থেকেও দাবি করা হয়, সাম্প্রতিক বছরগুলোতে আল জাজিরার ফটোসাংবাদিক হিসেবে কাজ করার পাশাপাশি আহমেদ উইশাহ হামাসের সামরিক শাখার একজন ‘স্নাইপার অপারেটর’ হিসেবে সক্রিয় ছিলেন। তিনি গাজায় দায়িত্ব পালন করা ইসরায়েলি সেনাদের ওপর স্নাইপার হামলার পরিকল্পনার সঙ্গেও যুক্ত ছিলেন বলে দাবি করা হয়।

তবে এসব অভিযোগের পক্ষে ইসরায়েলি সেনাবাহিনী সুনির্দিষ্ট কোনো তথ্য-প্রমাণ প্রকাশ করেনি।

আন্তর্জাতিক গণমাধ্যম অধিকার বিষয়ক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারসের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২২০ জনের বেশি সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ৭০ জন পেশাগত দায়িত্ব পালনের সময় সরাসরি হামলার শিকার হয়েছেন।

This post was viewed: 5

আরো পড়ুন