Skip to main content

Ridge Bangla

লন্ডনে হাসনাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে আওয়ামী লীগের মামলা, এনসিপির প্রতিবাদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহসহ ৪ নেতাকর্মীর বিরুদ্ধে যুক্তরাজ্যে মামলা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।

শুক্রবার (১৯ জুন) লন্ডনের কেমব্রিজ থানায় মামলাটি দায়ের করা হয়।

মামলার অন্য আসামিরা হলেন এনসিপি নেতা এহতেশাম হক, জাকির চৌধুরী ও শাহীন আলম। তাদের মধ্যে জাকির চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে মামলায় আসামি করা হয়েছে।

শনিবার (২০ জুন) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে এনসিপি ইউকে অ্যালায়েন্স।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাজ্যে আওয়ামী লীগ ও পতিত ফ্যাসিবাদী সরকারের সমর্থকরা হাসনাত আবদুল্লাহ এবং তার সফরসঙ্গীদের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার ও হয়রানির পর এবার নতুন নাটক শুরু করেছে। তাদের অভিযোগ, হাসনাত আবদুল্লাহ, এহতেশাম হক, জাকির চৌধুরী, শাহীন আলমসহ কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মীদের ‘বেধড়ক পিটিয়েছেন’। এই অভিযোগে থানায় মামলা করে যুক্তরাজ্য পুলিশের মূল্যবান সময় নষ্ট করার চেষ্টা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, জননিরাপত্তা এবং যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে যুক্তরাজ্যের একটি বিশেষায়িত সংস্থা তদন্ত শুরু করেছে।

এনসিপি ইউকে অ্যালায়েন্স জানায়, হাসনাত আবদুল্লাহ যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের পেশাদার ও দায়িত্বশীল ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, পতিত আওয়ামী লীগ আগেও ব্যর্থ হয়েছে, এবারও হবে। অক্সফোর্ড ইউনিয়নে হাসনাত আবদুল্লাহর ঐতিহাসিক বক্তব্য, যুক্তরাজ্যজুড়ে প্রবাসীদের সঙ্গে তার সফল মতবিনিময় এবং সহযোদ্ধাদের সঙ্গে সংযোগ স্থাপনের প্রচেষ্টা বাধাগ্রস্ত করতে বারবার চেষ্টা করা হলেও প্রতিবারই তারা ব্যর্থ হয়েছে।

This post was viewed: 13

আরো পড়ুন