ইরান সংঘাতের পরবর্তী পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সমঝোতা নিয়ে ইসরায়েলিদের মধ্যে নেতিবাচক মনোভাব দেখা গেছে। সাম্প্রতিক এক জরিপে অংশ নেওয়া বেশিরভাগ ইসরায়েলি মনে করছেন, এই সংঘাতের কৌশলগত সুবিধা পেয়েছে ইরান।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, হিব্রু বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আগাম ইনস্টিটিউট পরিচালিত জরিপে ৯২.১ শতাংশ উত্তরদাতা মত দিয়েছেন, যুদ্ধ ও পরবর্তী চুক্তির পর ইরান তুলনামূলক সুবিধাজনক অবস্থানে রয়েছে।
জরিপে অংশ নেওয়া ৮২.৯ শতাংশ ইসরায়েলি মনে করেন, এই সামরিক অভিযান দেশটির দীর্ঘমেয়াদি নিরাপত্তা পরিস্থিতিকে দুর্বল করেছে। এ ছাড়া ৮৬ শতাংশ উত্তরদাতা যুদ্ধের সামগ্রিক ফলাফল নিয়ে নেতিবাচক মত প্রকাশ করেছেন।
অন্যদিকে ৮৭.৮ শতাংশ অংশগ্রহণকারীর মতে, ইসরায়েল তাদের নির্ধারিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে অথবা আংশিক সফল হয়েছে।
প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ভূমিকা নিয়েও জরিপে সমালোচনামূলক মনোভাব উঠে এসেছে। ৫৬.৪ শতাংশ উত্তরদাতা মনে করেন, সামরিক অভিযান পরিচালনায় তার ভূমিকা দুর্বল বা ব্যর্থ ছিল।
গত ১৭ থেকে ২০ জুনের মধ্যে জরিপটি চালানো হয়। এতে ১৭ বছর বা তার বেশি বয়সী মোট ৩,৬৪৪ জন ইসরায়েলি অংশ নেন।
গবেষকদের তথ্য অনুযায়ী, ওয়েটেড স্যাম্পলের ভিত্তিতে পরিচালিত এই জরিপের সর্বোচ্চ ত্রুটির মাত্রা ২.২ শতাংশ এবং কনফিডেন্স লেভেল ৯৯ শতাংশ।