Ridge Bangla

টানা বিক্ষোভের মুখে বলিভিয়ায় জরুরি অবস্থা জারি

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক সংকট ঘিরে প্রায় ২ মাস ধরে চলা সরকারবিরোধী আন্দোলনের মধ্যে বলিভিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো পাজ। স্থানীয় সময় শনিবার (২০ জুন) এ ঘোষণা দেন তিনি।

সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, চলমান বিক্ষোভে শ্রমিক ইউনিয়ন, কৃষক সংগঠন এবং সাবেক বামপন্থি প্রেসিডেন্ট ইভো মোরালেসের সমর্থকরা অংশ নিয়েছেন। আন্দোলনকারীরা প্রেসিডেন্ট পাজের পদত্যাগ দাবি করছেন।

দীর্ঘ সময় ধরে সড়ক অবরোধের কারণে বলিভিয়ার বিভিন্ন এলাকায় খাদ্য, জ্বালানি ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহে সংকট তৈরি হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রায় ৫০ দিন ধরে চলা অবরোধ দেশটির অর্থনৈতিক কার্যক্রমকে বড় ধরনের অচলাবস্থার মুখে ফেলেছে।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট পাজ বলেন, ‘দেশের সড়কপথ মুক্ত করতে আমি জরুরি অবস্থা কার্যকরের নির্দেশ দিয়েছি। বলিভিয়ার জনগণ আর এমন অবরোধের জিম্মি হয়ে থাকতে পারে না। এই অবস্থা তাদের কাজ, পড়াশোনা, চিকিৎসাসেবা গ্রহণ, নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহ এবং পরিবারের জন্য জীবিকা নিশ্চিত করাকে বাধাগ্রস্ত করছে।’

জরুরি অবস্থা কার্যকর হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েনের সুযোগ তৈরি হয়েছে। সরকারের প্রত্যাশা, এই পদক্ষেপের মাধ্যমে জনজীবন স্বাভাবিক করা এবং অর্থনৈতিক কার্যক্রম পুনরায় চালু করা সম্ভব হবে।

তবে সরকারের সিদ্ধান্তের সমালোচনা করেছে বিরোধী দল ও আন্দোলনকারীরা। তাদের দাবি, অর্থনৈতিক সংকট সামাল দিতে সরকারের ব্যর্থতার কারণেই মানুষ আন্দোলনে নেমেছে। রাজনৈতিক সমাধান ছাড়া চলমান পরিস্থিতির উন্নতি হবে না বলেও মনে করছেন তারা।

This post was viewed: 3

আরো পড়ুন