Ridge Bangla

কাতারের উপহার দেওয়া নতুন এয়ার ফোর্স ওয়ান উন্মোচন করলেন ট্রাম্প

কাতারের উপহার দেওয়া বিলাসবহুল উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানের নতুন সংস্করণ উন্মোচন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বিশেষ নিরাপত্তা ও আধুনিক সুবিধাসম্পন্ন এই উড়োজাহাজ প্রেসিডেন্টের সরকারি যাতায়াতে ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (১৯ জুন) মার্কিন বিমানবাহিনী জানায়, নতুন ‘ভিসি-২৫বি ব্রিজ’ উড়োজাহাজটি সফলভাবে প্রেসিডেন্সিয়াল এয়ারলিফট গ্রুপের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন এটি পরীক্ষামূলক উড্ডয়ন কার্যক্রম শুরু করবে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, প্রায় ৪০ কোটি ডলার মূল্যের এই বিলাসবহুল জেটটির প্রয়োজনীয় পরিবর্তন ও আধুনিকায়নের কাজ শেষ হয়েছে।

শুক্রবার জয়েন্ট বেস অ্যান্ড্রুজে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ‘এই বিমানটিকে এমন এক উড়ন্ত হোয়াইট হাউসে রূপান্তর করা হয়েছে, যার বিলাসিতা আগে কেউ দেখেনি।’

কাতারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, ‘এটি সত্যিই একটি সম্মানের বিষয়। এ জন্য আমি কাতারের আমিরকে ধন্যবাদ জানাই।’

মার্কিন বিমানবাহিনী জানিয়েছে, প্রেসিডেন্টের ব্যবহারের আগে উড়োজাহাজটির পরীক্ষামূলক উড্ডয়ন বা কমিশনিং ফ্লাইট পরিচালনা করা হবে। এসব পরীক্ষার মাধ্যমে এতে যুক্ত করা নতুন প্রযুক্তি ও পরিবর্তনগুলো যাচাই করা হবে।

উড়োজাহাজটিতে নিরাপত্তা ব্যবস্থা, বিশেষ যোগাযোগ প্রযুক্তি, লজিস্টিক সুবিধা এবং আধুনিক প্রযুক্তিগত সক্ষমতায় উল্লেখযোগ্য উন্নয়ন আনা হয়েছে। বিমানবাহিনীর দাবি, আগের অবস্থায় থাকা সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকিগুলো দূর করা হয়েছে।

অভ্যন্তরীণ নকশায় বড় পরিবর্তন না এলেও বাইরের অংশে নতুনভাবে লাল, সাদা, নীল ও সোনালি রঙের নকশা যুক্ত করা হয়েছে।

২০২৫ সালের মে মাসে কাতারের রাজপরিবার বোয়িং ৭৪৭-৮ মডেলের এই বিলাসবহুল উড়োজাহাজটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতরকে উপহার দেয়। প্রেসিডেন্টের সরকারি বিমান বহরে ব্যবহারের উদ্দেশ্যে এটি দেওয়া হয়।

তবে এত মূল্যবান উপহার গ্রহণের বিষয়টি প্রকাশ্যে আসার পর যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিতর্ক শুরু হয়। ট্রাম্পের কয়েকজন সমর্থকসহ বিভিন্ন মহল থেকে দাবি করা হয়, এ ধরনের উপহার স্বার্থের সংঘাত তৈরি করতে পারে এবং সাংবিধানিক প্রশ্নের জন্ম দিতে পারে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন অনুযায়ী, সরকারি কর্মকর্তারা ৪৮০ ডলারের বেশি মূল্যের উপহার নিতে পারেন না। তবে হোয়াইট হাউসের দাবি, উড়োজাহাজটি গ্রহণের প্রক্রিয়া সম্পূর্ণ বৈধ। একই সঙ্গে জানানো হয়েছে, ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার পর এটি তার প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে স্থানান্তর করা হবে।

This post was viewed: 7

আরো পড়ুন