Skip to main content

Ridge Bangla

তৃণমূলে পদত্যাগের ধারা, এবার সরে দাঁড়ালেন জ্যোতিপ্রিয় মল্লিক ও গৌতম দেব

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর তৃণমূল কংগ্রেসে একের পর এক পদত্যাগের ঘটনা ঘটছে। দলটির নেতা, সাবেক মন্ত্রী, বিভিন্ন পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের পদ ছাড়ার তালিকায় এবার যুক্ত হয়েছেন রাজ্যের দুই সাবেক প্রভাবশালী মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও গৌতম দেব।

পশ্চিমবঙ্গের সাবেক খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এর আগে রেশন দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। পরে জামিনে মুক্তি পান তিনি। সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার হাবড়া আসনে তাকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস। তবে বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডলের কাছে তিনি পরাজিত হন।

নির্বাচনে হারের পর শুক্রবার (১৯ জুন) আনুষ্ঠানিকভাবে দল থেকে পদত্যাগ করেন জ্যোতিপ্রিয় মল্লিক।

অন্যদিকে উত্তরবঙ্গের তৃণমূল রাজনীতির পরিচিত মুখ ও সাবেক মন্ত্রী গৌতম দেব শিলিগুড়ির মেয়র হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এবারের নির্বাচনে বিজেপি প্রার্থী শংকর ঘোষের কাছে পরাজয়ের পর মেয়র পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এর আগে বিধানসভা নির্বাচনে বিজেপির বড় জয়ের পর কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী এবং চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী পদত্যাগ করেন। একই ধারাবাহিকতায় এবার শিলিগুড়ির মেয়র পদ থেকে সরে দাঁড়ালেন গৌতম দেব।

১৯৯৮ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার সময় থেকেই তার ঘনিষ্ঠ সহযোগীদের একজন ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। নির্বাচনী পরাজয়ের পর তার মতো আরও অনেকে দল ছেড়েছেন। দলটির ভেতরে অসন্তোষও দেখা দিয়েছে। নির্বাচিত বিধায়কদের একটি বড় অংশ আলাদা অবস্থান নিতে চাইছেন।

রাজনৈতিক এই পরিস্থিতির প্রভাব মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারেও দেখা যাচ্ছে। মমতার ভাই বাবন বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ভাইয়ের স্ত্রী কাজরি বন্দ্যোপাধ্যায় পর্যন্ত সাম্প্রতিক সময়ে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হয়েছেন বলে দাবি করা হচ্ছে।

বর্তমান পরিস্থিতিতে চলতি বছরের শেষে হতে যাওয়া ১২৮টি পৌর নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেওয়া নিয়েও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে আলোচনা চলছে। অন্যদিকে পৌর নির্বাচন সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি শুরু করেছে বিজেপি। স্থানীয় পর্যায়ে সাফল্য পেলে দলটির প্রশাসনিক ভিত্তি আরও শক্ত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

This post was viewed: 14

আরো পড়ুন