পাকিস্তানের ভেতরে সশস্ত্র গোষ্ঠীর আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালানোর দাবি করেছে আফগানিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত বৃহস্পতিবার (১৮ জুন) এই হামলা চালানো হয়। এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
সাম্প্রতিক মাসগুলোতে সীমান্ত ঘিরে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে। দুই দেশ নিয়মিত সীমান্ত সংঘাতে জড়িয়েছে। এর মধ্যে কয়েক দফা আফগানিস্তানে বিমান হামলাও চালিয়েছে পাকিস্তান। এসব হামলায় শিশুসহ বহু মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে কাবুল।
তবে পাকিস্তানের ভেতরে আফগানিস্তানের পক্ষ থেকে বিমান হামলার দাবি এবারই প্রথম। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তবর্তী পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে থাকা সশস্ত্র গোষ্ঠীর আস্তানা এবং ‘শত্রুভাবাপন্ন গোয়েন্দা শক্তির’ ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
আফগানিস্তানের দাবি, এসব ঘাঁটি দেশটির বিরুদ্ধে হামলা পরিচালনার কাজে ব্যবহার করা হচ্ছিল। তবে কোন সশস্ত্র গোষ্ঠী বা গোয়েন্দা সংস্থাকে লক্ষ্য করে হামলা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি কাবুল।
২০২১ সালে তালেবান আবার ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তানের বিরুদ্ধে সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দেওয়ার অভিযোগ করে আসছে পাকিস্তান। এসব গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানের কথা জানিয়ে একাধিকবার বিমান হামলাও চালিয়েছে ইসলামাবাদ। তবে পাকিস্তানের এসব অভিযোগ বরাবরই অস্বীকার করেছে আফগানিস্তান।
আফগানিস্তান তাদের ‘বিমান বাহিনীর’ মাধ্যমে হামলা চালানোর কথা বললেও ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের তথ্য অনুযায়ী, দেশটির কাছে কোনো যুদ্ধবিমান নেই। তবে আফগানিস্তানের হাতে অন্তত ৬টি বিমান এবং ২৩টি হেলিকপ্টার রয়েছে।
অন্যদিকে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে আফগানিস্তানের বিমান হামলার দাবি প্রত্যাখ্যান করেছে।