ভারতে মেডিকেল কলেজে ভর্তির প্রতিযোগিতামূলক পরীক্ষা ‘রি-নিট ইউজি ২০২৬’ শুরুর মাত্র একদিন আগে পরীক্ষাকেন্দ্র নিয়ে বড় ধরনের গাফিলতির ঘটনা সামনে এসেছে। মহারাষ্ট্রের নাগপুরের এক পরীক্ষার্থীর কেন্দ্র ভারতের পরিবর্তে নির্ধারণ করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে।
জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সির দেওয়া প্রবেশপত্রে এ ভুল ধরা পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আগামীকাল রোববার পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ভুক্তভোগী শিক্ষার্থী আবদুল্লাহ মোহাম্মদ তালিব মহারাষ্ট্রের নাগপুরের বাসিন্দা। তার পরিবারের দাবি, আবদুল্লাহর পাসপোর্টও নেই। ফলে জরুরি ভিত্তিতে বিদেশে গিয়ে পরীক্ষায় অংশ নেওয়া তার পক্ষে সম্ভব নয়।
পরিবারের সদস্যরা জানান, আবেদন করার সময় পরীক্ষাকেন্দ্রের পছন্দ হিসেবে আবদুল্লাহ নাগপুর, ওয়ার্ধা ও ভান্ডারা শহরের নাম দিয়েছিলেন। তবে গতকাল এনটিএর ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করার পর দেখা যায়, পরীক্ষাকেন্দ্র হিসেবে আবুধাবির একটি ভারতীয় স্কুল নির্ধারণ করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রবেশপত্রের ছবিতেও পরীক্ষাকেন্দ্র হিসেবে আবুধাবির একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম দেখা যায়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে আবদুল্লাহর বাবা চিকিৎসক মোহাম্মদ তালিব বলেন, ‘আমরা পুরো ঘটনায় স্তব্ধ হয়ে পড়েছি। অ্যাডমিট কার্ডটি দেখার পর থেকে আমার ছেলে অনবরত কাঁদছে। সবচেয়ে বড় কথা হলো, ওর কোনো পাসপোর্টও নেই। ও কীভাবে পরীক্ষা দিতে বিদেশে যাবে?’
ঘটনাটি নিয়ে সমালোচনা শুরু হলে এনটিএ বিষয়টি স্বীকার করে নেয়।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, সফটওয়্যার বা কারিগরি ত্রুটির কারণে এই সমস্যা হয়েছে। শনিবার মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্সে এনডিটিভির একটি পোস্টের জবাবে এনটিএ জানায়, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
যথাযথ যাচাইয়ের পর আগামী কয়েক ঘণ্টার মধ্যে আবদুল্লাহর জন্য নাগপুরেই নতুন পরীক্ষাকেন্দ্র নির্ধারণ করে সংশোধিত প্রবেশপত্র দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে পরিবারকেও আশ্বস্ত করা হয়েছে।
প্রশ্নফাঁস বিতর্কের পর পুনরায় আয়োজিত ‘রি-নিট ইউজি ২০২৬’ পরীক্ষা আগামীকাল ২১ জুন কলম ও কাগজভিত্তিক পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ভারতীয় সময় দুপুর ২টা থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা চলবে।
এনটিএ পরীক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য, ছবি বা পরীক্ষাকেন্দ্র সংক্রান্ত যেকোনো অসঙ্গতি দেখা দিলে দ্রুত হেল্পলাইনে যোগাযোগ করে সংশোধনের পরামর্শ দিয়েছে।
তবে পরীক্ষা শুরুর মাত্র ২৪ ঘণ্টা আগে পাসপোর্টবিহীন এক পরীক্ষার্থীর কেন্দ্র বিদেশে নির্ধারণ হওয়ার ঘটনায় ভারতের জাতীয় পর্যায়ের পরীক্ষা ব্যবস্থার নির্ভরযোগ্যতা ও প্রযুক্তিগত সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।