Ridge Bangla

‘মুসলিম ডেলিভারি বয় পাঠাবেন না’ বার্তা, ভালোবাসা দিয়ে জবাব দিলেন আফতাব

ভারতের জয়পুরে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান সুইগির ডেলিভারি কর্মী আফতাব খান সম্প্রতি এক অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হন। খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব পাওয়ার পর নিজের স্মার্টফোনে গ্রাহকের একটি নির্দেশনা দেখতে পান তিনি। সেখানে লেখা ছিল, ‘কোনো মুসলিম ডেলিভারি বয় পাঠাবেন না’।

পেশায় খাবার সরবরাহকারী কর্মী হলেও আফতাবের আরেকটি পরিচয় রয়েছে। সংগীতজগতে তিনি ‘রকিং আফতাব’ নামে পরিচিত একজন উদীয়মান র‍্যাপার।

সাম্প্রদায়িক ওই বার্তা দেখার পর চাইলে আফতাব অর্ডারটি বাতিল করতে পারতেন বা অন্য কোনো কর্মীর কাছে পাঠিয়ে দিতে পারতেন। তবে তিনি তা না করে সরাসরি ওই গ্রাহকের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেন।

ঘটনার অভিজ্ঞতা জানিয়ে দ্য টেলিগ্রাফ ইন্ডিয়াকে আফতাব বলেন, ‘একজন মানুষ হিসেবে লেখাটি দেখে আমি ভীষণ কষ্ট পেয়েছিলাম। কিন্তু আমি এই লেখার পেছনের মানুষটিকে দেখতে চেয়েছিলাম, জানতে চেয়েছিলাম তাঁর মানসিকতা কেমন।’

খাবারের প্যাকেট নিয়ে বহুতল ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে ওঠার সময় কিছুটা শঙ্কায় ছিলেন আফতাব। তবে দরজা খোলার পর তার ধারণা বদলে যায়।

গ্রাহক তাকে হাসিমুখে স্বাগত জানান। এরপর আফতাব শান্তভাবে ওই বার্তার বিষয়ে জানতে চাইলে তিনি বিব্রত হয়ে পড়েন এবং বিষয়টির ব্যাখ্যা দেন।

গ্রাহক জানান, এটি অনেক আগের একটি নির্দেশনা ছিল। কোনো এক ক্ষোভের মুহূর্তে তিনি সেটি লিখেছিলেন। পরে অ্যাপ থেকে কীভাবে তা সরাতে হয়, সেটি জানতেন না।

এরপর আফতাব কোনো বিতর্কে না গিয়ে গ্রাহকের ফোন নিয়ে সুইগি অ্যাপ থেকে ওই লেখা মুছে দেন। ভুল-বোঝাবুঝির অবসান হয় করমর্দন ও এক গ্লাস ঠান্ডা পানি দিয়ে আপ্যায়নের মাধ্যমে।

আফতাব বলেন, ‘মানুষমাত্রই ভুল করে। তিনি আমার কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং এতেই আমার মন হালকা হয়ে গেছে। আমাদের লক্ষ্য তো দেশজুড়ে ভালোবাসা ছড়িয়ে দেওয়া, ঘৃণা নয়।’

This post was viewed: 4

আরো পড়ুন