Ridge Bangla

জাতিসংঘ কর্মকর্তার সঙ্গে ইসরায়েলি রাষ্ট্রদূতের উত্তপ্ত বাক্যবিনিময়

জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধির সঙ্গে প্রকাশ্য বৈঠকে তীব্র বাক্যবিনিময়ে জড়িয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। শুক্রবার (১৯ জুন) নিউ ইয়র্কে আয়োজিত এক শুনানিতে এই ঘটনা ঘটে। কূটনৈতিক মহলে ঘটনাটি জাতিসংঘের প্রচলিত শিষ্টাচারের গুরুতর ব্যত্যয় হিসেবে আলোচিত হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সংঘাতপূর্ণ অঞ্চলে যৌন সহিংসতা নির্মূলবিষয়ক আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত বৈঠকে জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি প্রমিলা প্যাটেনের পদত্যাগ দাবি করেন ড্যানন।

ইসরায়েলের বিরুদ্ধে শিশু ও সংঘাতসংক্রান্ত অভিযোগ এবং সংশ্লিষ্ট পর্যবেক্ষণ নিয়ে আপত্তি তুলে তিনি প্যাটেনের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ আনেন।

বিতর্কের একপর্যায়ে ড্যানন বলেন, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের অবস্থানের কাছে নতি স্বীকার করে ইসরায়েলকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বৈঠকে উপস্থিত জাতিসংঘের আরেক বিশেষ দূত ভ্যানেসা ফ্রেজার হস্তক্ষেপ করেন। তিনি কার্যপ্রণালাসংক্রান্ত আপত্তি তুলে বক্তব্যের সুযোগ নেন এবং ড্যাননকে ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানান।

এর জবাবে ড্যানন ফ্রেজারকে বক্তব্য থামানোর অনুরোধ করেন।

তিনি বলেন, ‘আমরা একটি সদস্য রাষ্ট্র আর আপনি জাতিসংঘের একজন কর্মচারী। তাই আপনি শান্ত হয়ে যান।’

ভ্যানেসা ফ্রেজার আগে জাতিসংঘে মাল্টার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। চলতি সপ্তাহে প্রকাশিত তার একটি প্রতিবেদনে ফিলিস্তিনি শিশুদের বিরুদ্ধে অধিকার লঙ্ঘনের ঘটনা ‘আশঙ্কাজনকভাবে’ বাড়ছে বলে সতর্ক করা হয়।

প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়, এ ধরনের কর্মকাণ্ডের অভিযোগে ইসরায়েলি বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলোকে কালো তালিকাভুক্ত করার বিষয় বিবেচনায় আনা হতে পারে।

ঘটনাটি নিয়ে তাৎক্ষণিকভাবে জাতিসংঘ বা ইসরায়েলের পক্ষ থেকে অতিরিক্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

This post was viewed: 4

আরো পড়ুন