হাইতিকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে গোলের রেকর্ডে আবারও শীর্ষস্থান দখল করেছে ব্রাজিল। ফুটবলের সবচেয়ে বড় আসরে সেলেসাওদের মোট গোলসংখ্যা এখন ২৪১।
ব্রাজিলের চেয়ে মাত্র ২ গোল পিছিয়ে আছে জার্মানি। বিশ্বকাপ শুরুর আগে ব্রাজিলের গোল ছিল ২৩৭টি, আর জার্মানির ছিল ২৩২টি।
নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে হতাশ করেছিল ব্রাজিল। অন্যদিকে, জার্মানি নিজেদের প্রথম ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলে হারিয়ে দেয়। বড় জয়ের পর তাদের গোলসংখ্যা দাঁড়ায় ২৩৯টিতে এবং ব্রাজিলকে ছাড়িয়ে যায় তারা।
তবে পরের ম্যাচেই বিশ্বকাপে সর্বোচ্চ গোলের সিংহাসন পুনরুদ্ধার করেছে লাতিন আমেরিকার দলটি। একই সঙ্গে হাইতির বিপক্ষে জয়ের মাধ্যমে গোল ব্যবধানে মরক্কোকে পেছনে ফেলে ‘সি’ গ্রুপের শীর্ষস্থানেও উঠে এসেছে ব্রাজিল।
আগামী ২৪ জুন মিয়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে সেলেসাওরা। অন্যদিকে, জার্মানি নিজেদের পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে আইভরি কোস্টের।
ব্রাজিল ও জার্মানি ছাড়া বিশ্বকাপে এখন পর্যন্ত আর কোনো দল ২০০ গোলের মাইলফলক স্পর্শ করতে পারেনি। তালিকায় তৃতীয় স্থানে থাকা আর্জেন্টিনার গোলসংখ্যা ১৫২। চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা ফ্রান্স ও ইতালির গোলসংখ্যা যথাক্রমে ১৩৬ ও ১২৮।