বগুড়ার নবগঠিত দুই উপজেলার কয়েকটি ইউনিয়নের নামকরণ নিয়ে বিতর্কের পর দুটি ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলা প্রশাসককে ফোন করে তিনি এ নির্দেশনা দেন। নাম পরিবর্তনের সিদ্ধান্ত হওয়া ইউনিয়ন দুটি হলো ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’।
শুক্রবার (১৯ জুন) রাতে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রীর এই নির্দেশনার কথা জানানো হয়।
বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হচ্ছে। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দিয়ে আবারও গণশুনানি করা হবে।
গত ১১ জুন বগুড়া জেলা প্রশাসনের এক প্রজ্ঞাপনে শিবগঞ্জ উপজেলার ৫টি এবং নবঘোষিত মোকামতলা উপজেলার ৮টি ইউনিয়নের প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করা হয়। ১৪ জুন গেজেট প্রকাশের পর নামকরণ নিয়ে সমালোচনা শুরু হয়।
অভিযোগ ওঠে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলম ক্ষমতার অপব্যবহার করে পরিবারের সদস্যদের নামে ইউনিয়নের নামকরণ করিয়েছেন।
মোকামতলা উপজেলার নবগঠিত দুটি ইউনিয়নের নাম রাখা হয় ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’, যা প্রতিমন্ত্রীর দুই ছেলে মীর শাকরুল আলম সীমান্ত এবং মীর সাকলাইন আলম দিগন্তের নামের সঙ্গে মিলে যায়। এ ছাড়া শিবগঞ্জ উপজেলায় গঠিত একটি ইউনিয়নের নাম প্রতিমন্ত্রীর পৈতৃক বাসভবনের নামানুসারে ‘মীরবাড়ী ইউনিয়ন’ রাখা হয়।
বিষয়টি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। উদ্ভূত পরিস্থিতিতে ইউনিয়নগুলোর নাম পরিবর্তনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
জেলা প্রশাসন জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে দ্রুতই ইউনিয়নগুলোর নতুন নাম চূড়ান্ত করে গেজেট প্রকাশ করা হবে।