বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে গভীর সাংস্কৃতিক বন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
শুক্রবার (১৯ জুন) ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনের উদ্যোগে আয়োজিত এক ফুড ফেস্টিভ্যালে তিনি এ মন্তব্য করেন।
পাকিস্তানের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় রন্ধন ঐতিহ্য তুলে ধরতে এই উৎসবের আয়োজন করা হয়। এতে কূটনৈতিক মহলের সদস্য, শিক্ষাবিদ, গণমাধ্যম প্রতিনিধি এবং সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিদের স্বাগত জানান হাইকমিশনার ইমরান হায়দার।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা পাকিস্তানি রন্ধনশৈলী ও ফ্যাশনের প্রতি আগ্রহ প্রকাশ করেন এবং পাকিস্তান হাইকমিশনের এ উদ্যোগের প্রশংসা করেন।
গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে পাকিস্তানি হাইকমিশনার বলেন, অনুষ্ঠানে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণ অত্যন্ত উৎসাহব্যঞ্জক। ভবিষ্যতেও মানুষে-মানুষে যোগাযোগ অব্যাহত থাকবে, যা দুই ভ্রাতৃপ্রতিম দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করবে।
এই আয়োজনে পাকিস্তানের প্রখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলোও তাদের পণ্য প্রদর্শন করে। বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের কূটনৈতিক কোরের সদস্য ও তাদের পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন।
দিনব্যাপী এই উৎসব সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল।