Ridge Bangla

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

নোয়াখালীর চাটখিলে মোটরের বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ জুন) দুপুর সোয়া ১টার দিকে চাটখিল পৌরসভার ছয়ানী টবগা গ্রামের মুনছুর মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ছয়ানী টবগা গ্রামের খোকন চন্দ্র ঘোষের স্ত্রী অঞ্জনা রানী ঘোষ (৩৫) এবং তার ছেলে রাহুল (৮)।

স্থানীয়রা জানান, একাধিক ব্যক্তির মালিকানাধীন একটি পুকুর থেকে মোটর দিয়ে পানি সেচের কাজ চলছিল। এ সময় খোকন চন্দ্র ঘোষের ছেলে রাহুল মোটরের বিদ্যুতের তার স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। ছেলেকে বাঁচাতে গিয়ে তার মা অঞ্জনা রানী ঘোষও বিদ্যুৎস্পৃষ্ট হন।

এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

This post was viewed: 6

আরো পড়ুন