Ridge Bangla

স্বল্প সময়েই দৃশ্যমান হবে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী

টেকনিক্যাল টিমের প্রতিবেদন পাওয়ার পর স্বল্প সময়ের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প একনেকে পাস করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

শুক্রবার (১৯ জুন) তিস্তা এবং নীলফামারী-রংপুর বিভাগের বিভিন্ন নদী ও খাল পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

পানিসম্পদ মন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ যেভাবে একনেকে পাস হয়েছে, একইভাবে টেকনিক্যাল টিমের প্রতিবেদন পেলে দ্রুত সময়ের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্পও একনেকে পাস করা হবে।

তিনি জানান, এরই মধ্যে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এক মাসের মধ্যে তারা পরিকল্পনা প্রতিবেদন জমা দেবে। এরপরই তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প দৃশ্যমান হবে।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, এখন কিছু মানুষ তিস্তা মহাপরিকল্পনার আন্দোলন করছে। আমরা এতদিন ধরে তিস্তা বাঁচাও আন্দোলন করছি, তখন তাদের চেহারা দেখা যায়নি। এখন তারা ক্রেডিট নিতে চায়। তবে যাই হোক না কেন, যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

এর আগে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ পরিদর্শন করেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

পরিদর্শন শেষে তিনি বলেন, পরিকল্পিত বাঁধ নির্মাণ ও পরিকল্পিত ড্রেজিং করা হলে এই অঞ্চলের মানুষকে রক্ষা করা সম্ভব হবে। সেই কাজ এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করা হচ্ছে।

তিনি আরও বলেন, তিস্তাপাড়ের সার্বিক পরিস্থিতি বিবেচনায় তিস্তা মহাপরিকল্পনা অত্যন্ত প্রয়োজনীয়। শুধু এই অঞ্চল নয়, গোটা দেশের জন্যই এটি গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির ভিত্তিতে টেকনিক্যাল টিম নিয়ে আমরা পরিদর্শনে এসেছি।

This post was viewed: 5

আরো পড়ুন