Skip to main content

Ridge Bangla

৪ সেনা নিহতের পর বেন গভিরের হুঁশিয়ারি, ‘পুরো লেবাননকে পুড়িয়ে ফেলা উচিত’

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হামলায় ৪ ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর লেবাননকে লক্ষ্য করে কঠোর ও উসকানিমূলক মন্তব্য করেছেন ইসরায়েলের ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘পুরো লেবাননকে পুড়িয়ে ফেলা উচিত।’

বেন গভির আরও বলেন, ‘প্রতিটি ইসরায়েলি মায়ের চোখের এক ফোঁটা অশ্রুর জন্য হাজারো লেবাননি মাকে কাঁদতে হবে।’

প্রতিবেদন অনুযায়ী, লেবাননের ভূখণ্ডে হিজবুল্লাহর বিস্ফোরক ডিভাইস হামলায় ৪ ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর এমন মন্তব্য করেন তিনি।

বেন গভির দীর্ঘদিন ধরে লেবাননে আরও বড় পরিসরের সামরিক অভিযানের পক্ষে অবস্থান নিয়ে আসছেন। এমনকি বৈরুতেও হামলার আহ্বান জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের চাপের মধ্যেও ইসরায়েলকে আরও কঠোর অবস্থান নেওয়ার দাবি জানিয়ে আসছেন এই মন্ত্রী।

অন্যদিকে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচও একই ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘এটি কঠিন সকাল। এখন আগুনের ভাষায় কথা বলার সময়, নরকের দরজা খুলে দেওয়ার সময়।’

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের বড় অংশে এখনো ইসরায়েলি বাহিনীর উপস্থিতি রয়েছে। তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওই এলাকা থেকে সেনা প্রত্যাহারের কোনো ইঙ্গিত দেননি।

This post was viewed: 16

আরো পড়ুন