Ridge Bangla

স্ত্রীকে হত্যার অভিযোগে থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত স্বামী নিজেই থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।

বৃহস্পতিবার উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রিতা রুদ্র পাল গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তার স্বামী পিন্টু রুদ্র পালকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, রিতা ও পিন্টু রুদ্র পালের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় পিন্টু ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর গলায় আঘাত করলে ঘটনাস্থলেই রিতা রুদ্র পালের মৃত্যু হয়।

ঘটনার পর পিন্টু রুদ্র পাল থানায় গিয়ে আত্মসমর্পণ করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আইনি কার্যক্রম শুরু করে।

পূর্ব জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহেল উদ্দিন বলেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ ও মনোমালিন্য চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেই বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটেছে। তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।’

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানোর প্রক্রিয়া চলছে। অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

This post was viewed: 6

আরো পড়ুন