Skip to main content

Ridge Bangla

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ষোলো, আহত অনেকে

লেবাননের দক্ষিণাঞ্চলীয় নাবাতিয়েহ জেলায় ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণে অন্তত ষোলো জন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত ও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ।

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় লেবাননে যুদ্ধবিরতির বিষয় উল্লেখ থাকার পরও এ হামলা চালিয়েছে ইসরায়েল।

শুক্রবার সকালে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, মধ্যরাতের পর শুরু হওয়া এই হামলা সাম্প্রতিক সময়ের অন্যতম বড় ইসরায়েলি অভিযান। অভিযানে একাধিক আবাসিক ভবনকে লক্ষ্যবস্তু করা হয়।

নাবাতিয়েহ শহরের পাশাপাশি কফার জৌজ, কফার রেমান ও জেবদিনসহ আশপাশের বিভিন্ন এলাকায় গোলাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী। এরপর কফার তিবনিত ও রাইহান পাহাড়ি এলাকায়ও একের পর এক বিমান হামলা চালানো হয়।

হামলায় নাবাতিয়েহ ও হারুফ এলাকায় আটজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আল-শারকিয়া ও দৌইরের মাঝামাঝি একটি বাড়িতে হামলায় নিহত হয়েছেন চারজন। কফার সির শহরে পৃথক আরেক হামলায় প্রাণ হারিয়েছেন আরও তিনজন।

অন্যদিকে দৌইর পৌরসভা ভবনের কাছে একটি মোটরসাইকেল লক্ষ্য করে চালানো ইসরায়েলি ড্রোন হামলায় একজন নিহত এবং একজন আহত হয়েছেন।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পর ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকার আশঙ্কা রয়েছে। ফলে প্রাণহানির সংখ্যা বাড়তে পারে।

This post was viewed: 16

আরো পড়ুন