পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের রাজধানী নিয়ামের ডিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরে সশস্ত্র হামলায় অন্তত পঁয়ত্রিশ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বাইশ জন হামলাকারী, এগারো জন সেনাসদস্য এবং দুইজন বেসামরিক নাগরিক রয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, ফজরের নামাজের পরপরই হঠাৎ বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। ডিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দর নাইজারের সবচেয়ে বড় বিমানবন্দর। এর ভেতরে একটি সামরিক ঘাঁটিও রয়েছে।
হামলার দায় স্বীকার করেছে আল-কায়েদা সংশ্লিষ্ট সশস্ত্র সংগঠন জামাত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিম। বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে সংগঠনটি হামলার দায় নেয়।
নাইজার এক দশকের বেশি সময় ধরে জঙ্গি বিদ্রোহ মোকাবিলা করছে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে একই বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেছিল ইসলামিক স্টেট সংশ্লিষ্ট একটি গোষ্ঠী।
নিরাপত্তা বাহিনী জানিয়েছে, সকাল নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। হামলার সঙ্গে জড়িত পলাতক ব্যক্তিদের ধরতে অভিযান চলছে।
বিমানবন্দরের কাছাকাছি বসবাসকারী এক বাসিন্দা বলেন, আমরা সকাল ৫টা ৫০ মিনিটের দিকে নামাজ শেষ করি। কিছুক্ষণ পর একটি বড় বিস্ফোরণের শব্দ শুনতে পাই। পরে বুঝতে পারি সেখানে হামলা হয়েছে।