Skip to main content

Ridge Bangla

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা বিবেচনায় পাকিস্তান

পাকিস্তান নৌবাহিনীর নতুন ও অত্যাধুনিক সাবমেরিন ‘পিএনএস হ্যাঙ্গর’ ভবিষ্যতে বঙ্গোপসাগরে মোতায়েনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির নৌবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

মেরিটাইম প্রকাশনা প্রতিষ্ঠান বেয়ার্ড মেরিটাইমের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান নৌবাহিনীর কমোডর ওমর ফারুক জানিয়েছেন, সম্প্রতি বহরে যুক্ত হওয়া ডিজেল-ইলেকট্রিক সাবমেরিন পিএনএস হ্যাঙ্গর ভবিষ্যতে বঙ্গোপসাগর অঞ্চলে মোতায়েনের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পর থেকে এ অঞ্চলে পাকিস্তান নৌবাহিনীর উপস্থিতি খুবই সীমিত ছিল।

ওমর ফারুকের ভাষ্য অনুযায়ী, হ্যাঙ্গর ও একই শ্রেণির আরও সাতটি সাবমেরিন বহরে যুক্ত হলে বঙ্গোপসাগরে নিয়মিত উপস্থিতি ধরে রাখার সক্ষমতা অর্জন করবে পাকিস্তান।

চীনে নির্মাণ শেষে সাবমেরিনটি পাকিস্তানে নেওয়ার পথে শ্রীলঙ্কায় যাত্রাবিরতির সময় তিনি এ মন্তব্য করেন। ওই সময় চীন থেকে পিএনএস হ্যাঙ্গরকে নিরাপদে দেশে ফিরিয়ে নেওয়া পাকিস্তান নৌবাহিনীর বহরের নেতৃত্বে ছিলেন তিনি।

বর্তমানে বঙ্গোপসাগরে ভারতের উল্লেখযোগ্য নৌ উপস্থিতি রয়েছে। বঙ্গোপসাগর ও আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের পূর্বাঞ্চলীয় নৌ কমান্ডের দায়িত্বাধীন এলাকার মধ্যে পড়ে।

অন্যদিকে, পাকিস্তান নৌবাহিনীর কার্যক্রম দীর্ঘদিন ধরে মূলত উপকূলীয় প্রতিরক্ষা ও আরব সাগরকেন্দ্রিক ছিল। তবে নতুন হ্যাঙ্গর শ্রেণির সাবমেরিন যুক্ত হওয়ার মাধ্যমে দেশটি ভারত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা করছে বলে ধারণা করা হচ্ছে।

This post was viewed: 10

আরো পড়ুন