চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আব্দুল কাদের নামে আরেক যুবক গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে দামুড়হুদা উপজেলার দুধপাতিলা রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাউদ্দিন।
নিহত দুই যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত আব্দুল কাদের দামুড়হুদা উপজেলার ডুগডুগি কলোনিপাড়া গ্রামের অহিদুল ইসলামের ছেলে। দুর্ঘটনায় তার একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দা ও আহতের পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে আব্দুল কাদেরের সঙ্গে তার বাড়িতে বেড়াতে আসা দুই বন্ধু মোটরসাইকেলে ঘুরতে বের হন। বিকেল সাড়ে পাঁচটার দিকে তারা দুধপাতিলা রেল ক্রসিং অতিক্রম করার সময় খুলনা থেকে ছেড়ে আসা মহানন্দা মেইল ট্রেন মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলে থাকা আব্দুল কাদের গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাউদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে যায়। নিহতদের মরদেহ উদ্ধার এবং তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।