Ridge Bangla

জুলাইযোদ্ধাদের শ্রেণিভিত্তিক মাসিক ভাতার পরিমাণ জানালেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী

জুলাইযোদ্ধাদের তিনটি শ্রেণিতে ভাগ করে গেজেটভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আহমেদ আযম খান। তিনি জানান, ক, খ ও গ শ্রেণির ভিত্তিতে গেজেটভুক্ত জুলাইযোদ্ধাদের মাসিক সম্মানি ভাতা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে লিখিত প্রশ্নোত্তরে এসব তথ্য জানান মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী।

সংরক্ষিত নারী সংসদ সদস্য রোকেয়া বেগম জানতে চান, জুলাই গণঅভ্যুত্থান ও দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে আহত প্রায় ত্রিশ হাজার যোদ্ধার চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান এবং মাসিক ভাতা নিয়ে সরকারের দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনা রয়েছে কি না।

জবাবে আহমেদ আযম খান জানান, জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান এবং মাসিক সম্মানি ভাতা দেওয়ার বিষয়ে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাইযোদ্ধাদের সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। গুরুতর আহতদের ক্ষেত্রে মেডিকেল বোর্ডের সুপারিশ এবং স্বাস্থ্যসেবা বিভাগের প্রস্তাব অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিদেশে চিকিৎসা কার্যক্রম সংশ্লিষ্ট দেশের মিশনগুলো তদারকি করছে।

মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী জানান, এখন পর্যন্ত গুরুতর আহত একশ বাহান্ন জন জুলাইযোদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক ও রাশিয়ায় পাঠানো হয়েছে। তাদের মধ্যে একশ দুই জন চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। বর্তমানে পঞ্চাশ জন জুলাইযোদ্ধা বিদেশে চিকিৎসাধীন রয়েছেন।

পুনর্বাসন ও কর্মসংস্থান প্রসঙ্গে তিনি জানান, জুলাই শহিদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসনের জন্য আগ্রহী তিন হাজার দুইশ একচল্লিশ জনের তথ্যভান্ডার তৈরি করা হয়েছে। এর মধ্যে প্রশিক্ষণ ও পুনর্বাসনের জন্য এক হাজার নয়শ সাঁইত্রিশ জনের তালিকা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

মাসিক সম্মানি ভাতা নিয়ে আহমেদ আযম খান বলেন, জুলাইযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত মোট চৌদ্দ হাজার তিনশ ঊনসত্তর জনের মধ্যে তেরো হাজার তিনশ চুয়াল্লিশ জনকে তাদের নিজস্ব ব্যাংক হিসাবে শ্রেণিভিত্তিক ভাতা দেওয়া হচ্ছে।

তিনি জানান, ক শ্রেণির জুলাইযোদ্ধারা প্রতি মাসে বিশ হাজার টাকা, খ শ্রেণির জুলাইযোদ্ধারা পনেরো হাজার টাকা এবং গ শ্রেণির জুলাইযোদ্ধারা দশ হাজার টাকা হারে সম্মানি ভাতা পাচ্ছেন। বাকি জুলাইযোদ্ধাদের ভাতা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

This post was viewed: 7

আরো পড়ুন