উত্তর কোরিয়ার সঙ্গে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতা চেয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং।
দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে ট্রাম্প যে ভূমিকা রেখেছেন, একইভাবে উত্তর কোরিয়া ইস্যুতেও তার নেতৃত্ব প্রত্যাশা করছে সিউল।
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ বন্ধের লক্ষ্যে শুক্রবার একটি সমঝোতা স্মারকে সই করতে যাচ্ছে। এরপর ট্রাম্প প্রশাসন উত্তর কোরিয়া পরিস্থিতির দিকে মনোযোগ দিতে পারে বলে আলোচনা শুরু হয়েছে।
এই জল্পনা আরও বাড়ে ইরান চুক্তির ঘোষণা দেওয়ার পর ট্রাম্পের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট ঘিরে। সেখানে তিনি ২০১৮ সালে সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের একটি ছবি প্রকাশ করেন।
ফ্রান্সে অনুষ্ঠিত শিল্পোন্নত সাত দেশের জোটের সম্মেলনের ফাঁকে ট্রাম্প ও লি জে-মিয়ংয়ের মধ্যে আলোচনা হয়। সিউলের প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, বৈঠকে কোরীয় উপদ্বীপের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চান ট্রাম্প।
এ সময় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ট্রাম্পকে বলেন, ‘মধ্যপ্রাচ্যের সংঘাত সমাধানের মতোই উত্তর কোরিয়া সমস্যার শান্তিপূর্ণ সমাধানেও আপনি নেতৃত্ব দিন।’
জবাবে উত্তর কোরিয়া ইস্যু সমাধানে কাজ করার আশ্বাস দিয়েছেন ট্রাম্প বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া।
লি জে-মিয়ং উত্তর কোরিয়ার বিষয়ে তুলনামূলক নমনীয় অবস্থান নিয়েছেন। তার এই নীতি পূর্বসূরি ইউন সুক-ইওলের কঠোর অবস্থানের বিপরীত। তবে পিয়ংইয়ং এখন পর্যন্ত তার শান্তি উদ্যোগে ইতিবাচক সাড়া দেয়নি।