Ridge Bangla

আরও ২৫০ বছর যুক্তরাষ্ট্র টিকে থাকবে কি না, সন্দেহ অনেক মার্কিনির

স্বাধীনতার ২৫০ বছর পূর্তির আগে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে দেশটির নাগরিকদের মধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নতুন এক জরিপে অংশ নেওয়া ৩৮ শতাংশ মার্কিনি মনে করেন, আগামী ২৫০ বছর বর্তমান কাঠামোতে একক রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্রের টিকে থাকা নিয়ে সন্দেহ রয়েছে।

বুধবার প্রকাশিত রয়টার্স ও ইপসোসের যৌথ জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপ অনুযায়ী, এমন ধারণা পোষণকারীদের মধ্যে ডেমোক্র্যাট সমর্থক ৪০ শতাংশ এবং রিপাবলিকান সমর্থক ২৬ শতাংশ। তবে ৬২ শতাংশ মার্কিনি এখনো মনে করেন, যুক্তরাষ্ট্র দীর্ঘ সময় ধরে টিকে থাকবে।

জরিপে আরও দেখা গেছে, দেশটির গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়েও অনেক নাগরিক উদ্বিগ্ন। অংশগ্রহণকারীদের দুই-তৃতীয়াংশ মনে করেন, যুক্তরাষ্ট্রের গণতন্ত্র বর্তমানে ব্যর্থ হওয়ার ঝুঁকিতে রয়েছে। ডেমোক্র্যাটদের মধ্যে এই আশঙ্কা প্রকাশ করেছেন ৮৫ শতাংশ এবং রিপাবলিকানদের মধ্যে ৫০ শতাংশ।

গত বছরের আগস্টে একই ধরনের জরিপে গণতন্ত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ৫৭ শতাংশ মার্কিনি। এবার সেই হার বেড়ে ৬৭ শতাংশ হয়েছে। বিশেষ করে রিপাবলিকান সমর্থকদের মধ্যে উদ্বেগ আগের তুলনায় বেড়েছে।

এ ছাড়া জরিপে অংশ নেওয়া ৭৭ শতাংশ মানুষ মনে করেন, আগামী পাঁচ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতা আরও বাড়তে পারে।

যুক্তরাষ্ট্রকে বিশ্বের সেরা দেশ হিসেবে বিবেচনা করার প্রবণতাও কমেছে বলে জরিপে উঠে এসেছে। বর্তমানে ৩০ শতাংশ মার্কিনি দেশটিকে বিশ্বের শ্রেষ্ঠ বলে মনে করেন, যা ২০১৭ সালে ছিল ৩৮ শতাংশ।

ডেমোক্র্যাটদের মধ্যে এই ধারণা উল্লেখযোগ্যভাবে কমেছে। আগে যেখানে ২৬ শতাংশ ডেমোক্র্যাট যুক্তরাষ্ট্রকে বিশ্বের সেরা দেশ মনে করতেন, এখন সেই হার দাঁড়িয়েছে ১১ শতাংশে। তবে রিপাবলিকানদের প্রায় ৬০ শতাংশ এখনো যুক্তরাষ্ট্রকে বিশ্বের শ্রেষ্ঠ দেশ মনে করেন।

স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান নিয়েও অনেক মার্কিনির অসন্তোষ রয়েছে। তাদের অনেকে মনে করছেন, এসব আয়োজন অতিরিক্ত রাজনৈতিক প্রভাবযুক্ত হয়ে পড়েছে। ডেমোক্র্যাটদের প্রায় তিন-চতুর্থাংশ এবং রিপাবলিকানদের অর্ধেকের বেশি এমন মত দিয়েছেন।

উদযাপনের পরিকল্পনাতেও দুই দলের সমর্থকদের মধ্যে পার্থক্য দেখা গেছে। রিপাবলিকানদের ৫২ শতাংশ স্বাধীনতা দিবসে জাতীয় পতাকার রঙের পোশাক পরার পরিকল্পনা করেছেন। অন্যদিকে ডেমোক্র্যাটদের মধ্যে এই হার ২০ শতাংশ। আতশবাজি দেখার আগ্রহও রিপাবলিকানদের মধ্যে বেশি।

অনলাইনে পরিচালিত এই জরিপে যুক্তরাষ্ট্রের ১ হাজার ৫৩৭ জন প্রাপ্তবয়স্ক নাগরিক অংশ নেন। জরিপের ফলাফলে দেশটির রাজনৈতিক বিভাজন ও জনগণের মধ্যে বাড়তে থাকা উদ্বেগের চিত্র উঠে এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

This post was viewed: 4

আরো পড়ুন