রাজধানীর রমনা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (১৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা শুনানি শেষে এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, মামলার তদন্ত কর্মকর্তা ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের উপপরিদর্শক আমির হামজা গত ৯ জুন ফাহিমকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদন পর্যালোচনা করে আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য রোববার দিন ধার্য করেন।
ফাহিমের আইনজীবী মো. রবিউল্লাহ জানান, গুলশান ও মোহাম্মদপুর থানার পৃথক চারটি মামলায় জামিন লাভের পর নতুন করে রমনা থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি বলেন, এ মামলায়ও জামিনের আবেদন করা হয়েছে, সোমবার এ বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
মামলার তদন্ত সংশ্লিষ্ট আবেদনে উল্লেখ করা হয়েছে, তদন্তের সময় প্রাপ্ত তথ্য-উপাত্তে ফাহিমের সংশ্লিষ্টতার প্রাথমিক ইঙ্গিত পাওয়া গেছে। সুষ্ঠু তদন্ত ও মামলার অগ্রগতির স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন বলে তদন্ত কর্মকর্তা আদালতকে জানান।
মামলার নথি অনুযায়ী, রাষ্ট্রের অখণ্ডতা ও সার্বভৌমত্ববিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এ মামলা দায়ের করা হয়। অভিযোগে বলা হয়েছে, ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি রমনা থানার আওতাধীন একটি স্থানে কয়েকজন অভিযুক্ত গোপন বৈঠকে অংশ নেন। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা সেখান থেকে পালিয়ে যান। এ ঘটনায় রমনা থানার উপপরিদর্শক রেজাউল করিম বাদী হয়ে মামলা করেন।
উল্লেখ্য, চলতি বছরের ২৯ মার্চ রাজধানীর মিরপুরের চিড়িয়াখানা এলাকা থেকে জনতা ও কিছু শিক্ষার্থীর হাতে আটক হওয়ার পর ফাহিমকে শাহ আলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেখান থেকে তাকে গুলশান থানায় নেওয়া হলে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।