তারল্য সংকট কাটিয়ে উঠতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ ঋণ সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার কেন্দ্রীয় ব্যাংক এ সহায়তা প্রদান করে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ঈদের পর ব্যাংকটির নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতার মধ্যে বিপুলসংখ্যক আমানতকারী তাদের জমাকৃত অর্থ উত্তোলন করতে শুরু করেন। এ পরিস্থিতিতে ব্যাংকটিতে তারল্য সংকট দেখা দেয় এবং গ্রাহকদের চাহিদা অনুযায়ী অর্থ পরিশোধে চাপ তৈরি হয়। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত নগদ জমা সংরক্ষণ হার (সিআরআর) বজায় রাখতেও হিমশিম খেতে হয় ব্যাংকটিকে।
এ অবস্থায় গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়ে আবেদন করে ইসলামী ব্যাংক। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রথম ধাপে ২ হাজার ৫০০ কোটি টাকার সহায়তা দেওয়া হলো।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, ব্যাংকটির সাময়িক তারল্য সংকট নিরসন এবং গ্রাহকদের স্বাভাবিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে গত শুক্রবার বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাফা মুরশেদুল ইসলাম ইসলামী ব্যাংককে সহায়তা দেওয়ার ইঙ্গিত দেন।