বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় প্রিয় দলের পতাকা টানাতে গিয়ে দুর্ঘটনা এড়াতে সবাইকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস।
শনিবার (১৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের বৈরিহরিনমারী এলাকায় অসচেতনভাবে পতাকা টানাতে গিয়ে এক যুবক গাছেই জ্ঞান হারিয়ে ফেললে এই সতর্কবার্তা দেওয়া হয়। ওই যুবকের নাম শামিম মিয়া (৩০)। তিনি স্থানীয় শহিদুল ইসলামের ছেলে।
পলাশবাড়ী ফায়ার সার্ভিসের ইনচার্জ লোকমান হাকিম জানান, নিজ সমর্থিত দল পর্তুগালের পতাকা টানানোর জন্য একটি কদমগাছে উঠেছিলেন শামিম। কিন্তু গাছের ওপর থাকা অবস্থায় তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে খবর দেয়।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞান অবস্থায় শামিমকে গাছ থেকে নিরাপদে নিচে নামিয়ে আনে। এরপর তাকে চিকিৎসার জন্য সরাসরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।