গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে বালুবোঝাই একটি ট্রাক খালে পড়ে গেছে। এ সময় একটি ইজিবাইক ও একটি সাইকেলও খালে পড়ে যায়। দুর্ঘটনায় ট্রাকচালকসহ তিনজন আহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে শহরের পাচুড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বালুভর্তি একটি ট্রাক শহর থেকে ঘোনাপাড়ার দিকে যাচ্ছিল। পাচুড়িয়া এলাকার বেইলি ব্রিজ পার হওয়ার সময় মাঝামাঝি স্থানে পৌঁছালে হঠাৎ ব্রিজটি ভেঙে পড়ে।
এতে ট্রাকটি খালের পানিতে পড়ে যায়। একই সময় ব্রিজে থাকা একটি ইজিবাইক ও একটি সাইকেলও নিচে পড়ে যায়।
দুর্ঘটনায় ট্রাকচালক, তার সহকারী এবং ইজিবাইকচালক আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে শহরের গুরুত্বপূর্ণ এই সড়কের ব্রিজ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থীসহ সাধারণ পথচারীরা ভোগান্তিতে পড়েছেন।
স্থানীয় বাসিন্দারা দ্রুত বিকল্প যোগাযোগব্যবস্থা চালুর পাশাপাশি ওই স্থানে স্থায়ী ও নিরাপদ সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।