Ridge Bangla

ফরিদপুরে বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের মধুখালী উপজেলায় একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির ওপর হামলা চালিয়ে প্রায় ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শনিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার নওপাড়া বাজার থেকে বাগাট বাজারগামী আঞ্চলিক সড়কের তারাপুর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রবিউল আউয়াল আলফাদ একমি ওষুধ কোম্পানির ভেটেরিনারি বিভাগের মধুখালী উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। ঘটনার পর তিনি মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দিনভর উপজেলার বিভিন্ন বাজার থেকে বকেয়া টাকা সংগ্রহ করেন রবিউল আউয়াল আলফাদ। সন্ধ্যায় নওপাড়া বাজার থেকে সংগৃহীত টাকা নিয়ে মোটরসাইকেলে করে বাগাট বাজারের দিকে যাচ্ছিলেন তিনি।

পথে নওপাড়া ইউনিয়নের তারাপুর খেয়াঘাটের নির্জন স্থানে পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত তার পথ আটকে দেয়। এরপর ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে সঙ্গে থাকা প্রায় ৩ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় তারা।

রবিউল আউয়াল আলফাদ জানান, হামলার পর তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে স্থানীয়রা তাকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তিনি থানায় অভিযোগ করতে যান।

মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আজম খান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।

This post was viewed: 6

আরো পড়ুন