Ridge Bangla

লালমনিরহাটে উজ্জ্বল হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় কুপিয়ে জখমের পর চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া যুবক মো. উজ্জ্বল মিয়া (২৮) হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার আদিতমারী থানা পুলিশ ও র‍্যাব যৌথ অভিযান চালিয়ে রংপুর থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ফজলু হক (৪২), মোছা. ছকিনা বেগম (৩৮) ও মোছা. লাইলী বেগম (৫০)।

এর আগে গত বৃহস্পতিবার সকালে লালমনিরহাট শহরের মিশন মোড়ে নিহতের পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন করা হয়। কর্মসূচি শেষে বিক্ষুব্ধরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি দেন।

ওই মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহত উজ্জ্বলের ৭০ বছর বয়সী মা রহিমা বেওয়া, স্ত্রী ও দুই মেয়ে। এ সময় স্বজনরা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২ জুন সকাল আনুমানিক ৯টার দিকে আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের তালুক দুলালী বারোঘড়ি গ্রামে নিজের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে ছিলেন উজ্জ্বল মিয়া। এ সময় পূর্ব বিরোধের জেরে তার চাচাতো ভাই মো. আলমগীর হোসেন (আনন্দ) রামদা দিয়ে পেছন থেকে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন।

ধারালো অস্ত্রের আঘাতে উজ্জ্বলের বাম হাত ও বাম পায়ের হাঁটুর ওপরের অংশ গুরুতর জখম হয় এবং রগ কেটে যায়। অভিযোগে আরও বলা হয়েছে, পরে অন্য আসামিরা লাঠিসোঁটা ও ধারালো ছোরা নিয়ে তার ওপর হামলা চালান এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন।

স্থানীয়রা আহত অবস্থায় উজ্জ্বলকে উদ্ধার করে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হলে গত ৭ জুন দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের মা রহিমা বেওয়া বলেন, ঘটনার দিন বিকেলেই তারা আদিতমারী থানায় বিস্তারিত জানিয়ে অভিযোগ করেছিলেন।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন, উজ্জ্বল হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

This post was viewed: 5

আরো পড়ুন