চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১১ জন বাংলাদেশিকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দ্রুত পদক্ষেপে সেই চেষ্টা সফল হয়নি।
রোববার ভোরে দর্শনা-গেদে সীমান্তের ৭৬-৭৭ নম্বর মেইন পিলার সংলগ্ন এলাকা দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, পুশইনের চেষ্টার মুখে থাকা ১১ জনের মধ্যে ৮ জন পুরুষ ও ৩ জন নারী ছিলেন। ভোরে সীমান্ত এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। ভবিষ্যতে এ ধরনের চেষ্টা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করছে বিজিবি।
বিষয়টি জানতে পেরে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে ওই ব্যক্তিদের সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছাকাছি এলাকায় রাখা হয়। তবে এরপর তারা কোথায় অবস্থান নিয়েছেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, ‘রোববার ভোর সাড়ে ৪টার পর ১১ জনকে পুশইনের চেষ্টা করেছিল বিএসএফ। আমাদের বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। তবে সামনের দিনগুলোতে পুশইনের ঘটনা আরও বাড়তে পারে বলে আমরা আশঙ্কা করছি।’
তিনি আরও বলেন, সীমান্তে যেকোনো ধরনের অপতৎপরতা, অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে বিজিবির নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং অপারেশনাল কার্যক্রম বাড়ানো হয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সবসময় প্রস্তুত রয়েছে।