Ridge Bangla

খালেদা জিয়াকে গরু উপহার দিতে চেয়ে আলোচনায় আসা সোহাগ গ্রেপ্তার

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘কালো মানিক’ নামের গরু উপহার দিতে চেয়ে আলোচনায় আসা পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সোহাগ মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার সোহাগ মৃধা উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের বাসিন্দা। রোববার তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোহাগ মৃধার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মারামারির এবং অন্যটি পর্নোগ্রাফি আইনের মামলা। মারামারির মামলায় তিনি এক নম্বর এজাহারভুক্ত আসামি এবং পর্নোগ্রাফি মামলায় সহযোগী আসামি হিসেবে অভিযুক্ত। এসব মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার থাকায় এ বিষয়ে সোহাগ মৃধার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান বলেন, ‘মারামারি ও পর্নোগ্রাফি আইনের মামলায় সোহাগ মৃধাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।’

উল্লেখ্য, গত বছর বেগম খালেদা জিয়াকে ‘কালো মানিক’ নামের একটি গরু উপহার দিতে চেয়ে আলোচনায় আসেন সোহাগ মৃধা। পরে খালেদা জিয়া উপহারটি গ্রহণ করলেও সোহাগের পরিবারের আর্থিক অবস্থার কথা বিবেচনা করে গরুটি তাকে ফিরিয়ে দেন। এরপর চলতি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরুটি বিক্রি করেন সোহাগ মৃধা।

This post was viewed: 3

আরো পড়ুন