Ridge Bangla

খুলনায় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি আহত

খুলনার দৌলতপুরে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির জামে মসজিদের ভেতরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় লোকমান ও আলম নামে দুই মুসল্লি গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার ভোর সাড়ে ৫টার পর এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে লোকমানের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। আলম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দৌলতপুর থানার ওসি তদন্ত জাহিদুল ইসলাম বলেন, ফজরের নামাজ শেষ হওয়ার পর কয়েকজন দুর্বৃত্ত মসজিদের ভেতরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে লোকমান ও আলম গুরুতর আহত হন। ঘটনার সময় লোকমান নামাজ শেষে মসজিদের ভেতরে কোরআন তেলাওয়াত করছিলেন।

তিনি জানান, স্থানীয় মুসল্লিরা আহত দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে লোকমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। অপর আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ওসি তদন্ত আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

This post was viewed: 3

আরো পড়ুন