Ridge Bangla

পুশইন ঠেকাতে ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে স্থানীয়দের নজরদারি

ভারত থেকে সম্ভাব্য পুশইনের আশঙ্কায় ঠাকুরগাঁওয়ের সীমান্ত এলাকায় সতর্কতা বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে নিয়মিত টহল ও নজরদারি জোরদারের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও স্বেচ্ছায় পাহারায় অংশ নিচ্ছেন।

রোববার দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই সীমান্তের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় কঠোর নজরদারি চালাচ্ছেন। একই সঙ্গে স্থানীয়রাও বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে সীমান্ত পরিস্থিতির ওপর নজর রাখছেন।

স্থানীয় সূত্র জানায়, সীমান্ত এলাকায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে। সন্দেহজনক কোনো ব্যক্তি বা গতিবিধি দেখা গেলে দ্রুত বিজিবিকে জানানোর জন্য বাসিন্দাদের পরামর্শ দেওয়া হয়েছে।

এলাকাবাসী জানান, সম্প্রতি দেশের বিভিন্ন সীমান্তে পুশইনের খবর সামনে আসার পর সীমান্তবর্তী মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে নিজেদের এলাকার নিরাপত্তার কথা বিবেচনা করে তারা স্বেচ্ছায় বিজিবির সঙ্গে সমন্বয় করে পাহারায় যুক্ত হয়েছেন।

রত্নাই সীমান্ত এলাকার বাসিন্দা আব্দুল করিম বলেন, ‘সীমান্ত দিয়ে যেন কাউকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানো না হয়, সেজন্য আমরা সতর্ক রয়েছি। বিজিবির সদস্যদের সঙ্গে বিভিন্ন পয়েন্টে নজরদারি করছি। দেশের স্বার্থে প্রয়োজন হলে ভবিষ্যতেও এভাবে পাহারা দেব।’

আরেক বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ‘আমরা চাই সীমান্ত সবসময় নিরাপদ থাকুক। কোনো ধরনের পুশইন বা অবৈধ অনুপ্রবেশের ঘটনা যেন না ঘটে, সেজন্য গ্রামবাসীরা স্বতঃস্ফূর্তভাবে পাহারায় অংশ নিয়েছেন।’

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আখলাকুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহল ও নজরদারি চলছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতির পাশাপাশি সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে বিজিবি।

This post was viewed: 5

আরো পড়ুন