Ridge Bangla

আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা, আহত শিশু

চট্টগ্রামের আনোয়ারায় বসতঘরে ঢুকে মা ও মেয়েকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় পাঁচ বছর বয়সী এক শিশুও গুরুতর আহত হয়েছে।

শনিবার রাত ১১টার দিকে উপজেলার পারৈকোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চেনামতি গ্রামে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ব্যক্তির ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নেওয়া হয়েছে।

নিহতরা হলেন ওই এলাকার সুজন বড়ুয়ার স্ত্রী এনি বড়ুয়া (৪০) এবং তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। হামলায় আহত শিশু পিয়াস বড়ুয়াকে (৫) উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সুজন বড়ুয়ার পরিবারে সুদের টাকা ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে শনিবার রাতে অভিযুক্ত তেজপ্রিয় বড়ুয়া (৩৫) ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে মা, মেয়ে ও শিশুর ওপর হামলা চালান। পরে তিনি ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যান।

চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করেন। তবে এনি বড়ুয়া ও প্রিয়ন্তী বড়ুয়া ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত পিয়াস বড়ুয়াকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

নিহত এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া বলেন, ‘প্রতিবেশী তেজপ্রিয় বড়ুয়ার সঙ্গে আমাদের আর্থিক লেনদেন ছিল। এ-সংক্রান্ত কাগজপত্রের খোঁজে বাড়িতে এসে হামলার ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। ঘটনার সময় আমি শহরে ছিলাম। রাতে বড় ভাইয়ের মোবাইল ফোন পেয়ে বাড়িতে এসে দেখি সব শেষ হয়ে গেছে।’

আনোয়ারা থানার উপপরিদর্শক জুয়েল আহমেদ বলেন, হত্যার খবর পাওয়ার পর রাতেই পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন।

This post was viewed: 6

আরো পড়ুন