Ridge Bangla

বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে কুয়েতের বিনিয়োগ বাড়ানোর আহ্বান

বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাই-টেক পার্কগুলোতে কুয়েতের আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।

সম্প্রতি কুয়েতের আমিরি দিওয়ানবিষয়ক মন্ত্রী শেখ হামাদ জাবের আল-আলী আল-সাবাহের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান।

কুয়েতে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দ্বিপাক্ষিক সহযোগিতা আরও শক্তিশালী করার বিভিন্ন উপায় নিয়েও মতবিনিময় করেন তারা। আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি, প্রতিরক্ষা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয় গুরুত্ব পায়।

বৈঠকে সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টায় দুই পক্ষ নিজেদের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে।

এ সময় পশ্চিম এশিয়ার চলমান সংঘাতে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনায় বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর শোক জানান রাষ্ট্রদূত। তিনি বাংলাদেশ ও কুয়েতের ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন এবং ১৯৭৪ সালে বৃহত্তর মুসলিম সম্প্রদায়ের সঙ্গে বাংলাদেশের একীভূত হওয়ার ক্ষেত্রে কুয়েতের গুরুত্বপূর্ণ সহযোগিতার বিষয়টি স্মরণ করেন।

সাক্ষাতে বাংলাদেশের ওষুধ, চামড়াজাত পণ্য ও সিরামিক খাতের রপ্তানি সম্ভাবনার কথাও তুলে ধরেন রাষ্ট্রদূত। একই সঙ্গে কুয়েতের উন্নয়ন কার্যক্রমে সহায়তার জন্য বাংলাদেশ থেকে প্রকৌশলী, চিকিৎসক, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ও নার্সসহ দক্ষ পেশাজীবী নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

কুয়েতের মন্ত্রী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন তিনি।

শেখ হামাদ জাবের আল-আলী আল-সাবাহ ১৯৯১ সালে কুয়েতের মুক্তির সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবদান এবং বাংলাদেশ সামরিক কন্টিনজেন্টের চলমান পেশাগত সহযোগিতার কথাও স্মরণ করেন।

বাংলাদেশের প্রতি কুয়েতের অব্যাহত সমর্থনের কথা জানিয়ে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি।

This post was viewed: 7

আরো পড়ুন